| Your Ads Here 100x100 |
|---|
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাত ৯টার দিকে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট এলাকায় নীলাদ্রি লেকে নোঙর করা অবস্থায় হাউসবোটটিতে আগুন লাগে। তবে এতে থাকা ১৩ জন পর্যটক অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘রাহাবার’ নামের হাউসবোটটি সুনামগঞ্জ শহর থেকে পর্যটকদের নিয়ে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক ও যাদুকাটা নদী ঘুরে নীলাদ্রি লেকে নোঙর করেছিল। এ সময় রান্নার প্রস্তুতির জন্য বাবুর্চি গ্যাস চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডার থেকে লিক হয়ে আগুনের সূত্রপাত হয়।
তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াকুব হোসেন ভিন্ন বিবরণ দিয়ে জানান, ‘প্রথমে আগুন লাগে জেনারেটরে। পরে তা দ্রুত ইঞ্জিন রুমের ফুয়েল ট্যাংকে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুনে হাউসবোটটির কাঠ ও প্লাস্টিকের তৈরি অংশ পুড়ে যায়। কেবল স্টিলের কাঠামোটি অক্ষত থাকে।’
তিনি আরও জানান, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গেই হাউসবোটে থাকা পর্যটকেরা দ্রুত পানিতে নেমে বা অন্য নৌকায় উঠে নিরাপদে সরে যান। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবির দাস বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কেউ আহত হয়নি।’
জানা গেছে, ‘রাহাবার’ হাউসবোটটির মালিক ঢাকার এক ব্যবসায়ী। অগ্নিকাণ্ডে বোটটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

