| Your Ads Here 100x100 |
|---|
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ব প্রযুক্তি জগতে আলোড়ন ফেলে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সাম্প্রতিক এক বিশাল বিনিয়োগ। স্কেল এআই নামের ডেটা লেবেলিং স্টার্টআপে ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করে প্রতিষ্ঠানটির ৪৯ শতাংশ মালিকানা নিয়েছে মেটা। এই চুক্তির পরেই, মাত্র ২৮ বছর বয়সী সিইও আলেক্সান্ডার ওয়াং–কে নিজেদের সুপারইন্টেলিজেন্স ইউনিটের নেতৃত্বে নিয়েছে মার্ক জাকারবার্গের কোম্পানি।
স্কেল এআই–এর বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াং এমআইটি ছেড়ে দিয়ে মাত্র ২০ বছর বয়সে স্কেল প্রতিষ্ঠা করেন। তরুণ বয়সেই তিনি প্রযুক্তি খাতে এক বিশিষ্ট উদ্যোক্তা হয়ে ওঠেন, এবং অল্প সময়েই বিলিয়নিয়ার খেতাব অর্জন করেন।
মেটার বক্তব্য, “আমরা স্কেলের সঙ্গে এআই মডেল ট্রেনিংয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করব এবং আলেক্সান্ডার ওয়াং আমাদের সুপারইন্টেলিজেন্স প্রয়াসে যোগ দিচ্ছেন।” তবে মেটা স্কেল এআই–এর পরিচালনা পর্ষদে কোনো আসন নিচ্ছে না।
ওয়াং কিছু সহকর্মীসহ মেটায় যোগ দিচ্ছেন, তবে তিনি স্কেলের বোর্ডে সদস্য হিসেবে থাকছেন। স্কেলের চিফ স্ট্র্যাটেজি অফিসার জেসন ড্রোজ নতুন করে অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন।
যদিও বিশাল এই চুক্তি স্কেল এআই–এর প্রাথমিক বিনিয়োগকারীদের জন্য একটি সফল ‘এক্সিট’, তবে প্রশ্ন উঠছে প্রতিযোগী এআই ল্যাবগুলোর গোপনতা রক্ষা নিয়ে। অনেকে শঙ্কা করছেন, মেটার অংশীদারিত্বের কারণে তাদের ডেটা সম্পর্কিত অগ্রাধিকারগুলো ফাঁস হয়ে যেতে পারে।
তবু, এই ডিল মেটার ইতিহাসে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের পর দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ, এবং প্রতিষ্ঠানটির এআই লড়াইয়ে বড় এক ঘুঁটি সাজানোর পদক্ষেপ।
সূত্র: রয়টার্স

