| Your Ads Here 100x100 |
|---|
আন্তর্জাতিক ডেস্ক:
আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও যান্ত্রিক ত্রুটিতে বিপাকে পড়ল এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইট।
মঙ্গলবার (১৭ জুন) ভোরে সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট কলকাতায় জরুরি অবতরণ করে। ফ্লাইটটি কলকাতার আকাশে পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয় বিমানটি।
হিন্দুস্তান টাইমস ও দ্য হিন্দু জানায়, বিমানে থাকা যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। রাত পেরিয়ে সকাল ৫টা ২০ মিনিটে সবাইকে বিমান থেকে নামতে বলা হয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে যাত্রীদের মধ্যে। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি ফ্লাইট উড্ডয়নের কিছু সময় পর বিধ্বস্ত হয়। ঘটনায় ১৪১ জন যাত্রী প্রাণ হারান।
এ ছাড়া, রোববার হিন্দন বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া একটি ফ্লাইট রানওয়েতেই যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে।
পরদিন দিল্লি থেকে রাঁচিগামী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট সন্দেহজনক কারিগরি সমস্যায় উড্ডয়নের পর ফিরে আসে রাজধানীতে।
বারবারের এমন ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

