| Your Ads Here 100x100 |
|---|
বানারীপাড়া প্রতিনিধিঃ
“মাদককে না বলো, মাদক ছেড়ে মাঠে চলো”—এই স্লোগানে বানারীপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট। শের-এ-বাংলা স্পোর্টস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় এসএসসি ব্যাচ ২০২০ ও এসএসসি ব্যাচ ২০২৪।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ১–০ গোলে জয় লাভ করে এসএসসি ব্যাচ ২০২৪।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান।
শের-এ-বাংলা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, সাংবাদিক মাসুদ হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সৌরভ, যুবদল নেতা সোহাগ মুন্সি, রাব্বি সরদার, আকিব হাওলাদার এবং উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. আব্দুস সালাম।
অতিথিরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করার অন্যতম উপায়।
তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে এমন উদ্যোগের প্রশংসা করেন তাঁরা এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজনের আহ্বান জানান।

