| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা।
কবর জিয়ারতের পর শহীদ আবু সাঈদের মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এনসিপির নেতারা। এ সময় আবু সাঈদের মা মনোয়ারা বেগম মাথায় হাত বুলিয়ে জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি দোয়া করেন। আবু সাঈদের মা-বাবা অশ্রুসজল থাকেন। এনসিপির নেতারা পরিবারের সদস্যদের সঙ্গে কাঁদেন এবং তাদের সান্ত্বনা দেন।
নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট করেন, ‘শহীদ আবু সাঈদের মা হাত বুলিয়ে দিচ্ছেন নাহিদ ইসলামের মাথায়। দোয়া করছেন সাহস ও শক্তি দিতে সামনে এগিয়ে যেতে। মা’য়ের এই দোয়া নিয়েই আজ থেকে শুরু হলো এনসিপির সারাদেশব্যাপী জুলাই পদযাত্রা।’
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে কবর জিয়ারতে অংশ নেন। উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আব্দুল হান্নান মাসউদ ও তাসনিম জারা প্রমুখ।
কবর জিয়ারত শেষে এনসিপি গাইবান্ধায় পথসভা ও পদযাত্রা করবে। বিকাল তিনটায় রংপুরের পার্ক মোড়, লালবাগ, শাপলা চত্বর ও জাহাজ কোম্পানীর মোড় থেকে পদযাত্রা শুরু করে টাউন হলে পথসভা অনুষ্ঠিত হবে।

