| Your Ads Here 100x100 |
|---|
আন্তর্জাতিক ডেস্কঃ
প্রাডার সাম্প্রতিক ‘স্যান্ডেল কেলেঙ্কারি’র পর ভারতের ঐতিহ্যবাহী ‘কলাপুরি’ চপ্পলের চাহিদা হঠাৎ বেড়েছে। ১২শ শতাব্দীর ইতিহাস-ভিত্তিক এই চপ্পলগুলোর ডিজাইন ব্যবহার করে প্রাডা মিলানে এক ফ্যাশন শোতে প্রদর্শন করে, কিন্তু প্রাথমিকভাবে কোনো কৃতিত্ব না দেওয়ায় ভারতীয় কারিগরদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সমালোচনার মুখে প্রাডা পরে স্বীকার করে যে তাদের নতুন ওপেন-টো স্যান্ডেল প্রাচীন ভারতীয় নকশা থেকে অনুপ্রাণিত। এরপর থেকেই স্থানীয় কারিগরদের চপ্পলের বিক্রি বেড়েছে কয়েক গুণ।
“প্রাডা ০: কলাপুর ১” – এমনই একটি ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়, যেখানে স্থানীয় ব্র্যান্ড Shopkop-এর প্রতিষ্ঠাতা রাহুল পারাসু কাম্বলে প্রাডাকে খোলা চিঠি লেখেন। তার এই বার্তা ৩৬ হাজার বার শেয়ার হয়। কাম্বলে জানান, মাত্র তিন দিনে তার চপ্পল বিক্রি পৌঁছায় ৫০ হাজার রুপিতে, যা সাধারণের পাঁচ গুণ।
মুম্বাইয়ের ইরা সোলস ফেসবুক-ইনস্টাগ্রামে প্রচারণা চালাচ্ছে— ট্যান হ্যান্ডক্র্যাফটেড কলাপুরি এখন প্রাডার র্যাম্পে হাঁটছে… সীমিত স্টক, বিশ্বজুড়ে আলোচিত। অন্যদিকে, ‘নীরা’ নামক একটি ই-কমার্স সাইট ৫০% ছাড়ে চপ্পল বিক্রি করছে।
ভারতের শিল্প মন্ত্রক ২০২১ সালে বলেছিল, কলাপুরি চপ্পলের বার্ষিক রপ্তানি আয় এক বিলিয়ন ডলার হতে পারে। যদিও সাম্প্রতিক পরিসংখ্যান নেই, তবে শিল্পীরা বলছেন— আধুনিক ডিজাইনের জুতোদের কারণে তারা পিছিয়ে পড়ছিলেন। তবে প্রাডার এই বিতর্ক যেন ‘মৃতপ্রায়’ শিল্পে নতুন প্রাণ এনে দিয়েছে।
সূত্র: রয়টার্স

