| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্কঃ
কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে ভেসে গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তাদের মধ্যে কেএম শাদনান সাবাব রহমান (২২) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
নিহত সাবাব ঢাকার মিরপুরের বাসিন্দা ও কেএম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন—বগুড়ার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২) এবং আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)। তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমনাথ বসু প্রথম আলোকে জানান, মঙ্গলবার দুপুরে চার বন্ধু সৈকতে বেড়াতে যান। এদের মধ্যে তিনজন একসঙ্গে সমুদ্রে গোসলে নামলে হঠাৎ স্রোতের টানে ভেসে যান। কিছু সময় পর সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু বাকি দুইজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ‘সি সেইফ লাইফগার্ড’ সদস্যরা। সমুদ্রে স্রোতের তীব্রতা ও উচ্চ ঢেউয়ের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, তারা উদ্ধার কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।

