১৯৬৭ সালের ২৭ জুন বিশ্বের প্রথম এটিএম মেশিনটি বসানো হয় লন্ডনের বার্কলেজ ব্যাংকের একটি শাখায়। গত মাসে ব্যাংকিং খাতকে আমূল পরিবর্তনকারী যন্ত্রটির অবিষ্কারের ৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে।
মেশিনটি উদ্ভাবনের পেছনের গল্পটিও বেশ চমকপ্রদ। মেশিনটির আবিষ্কারক ছিলেন স্কটল্যান্ডের নাগরিক জন শেফার্ড ব্যারন। ১৯৬৫ সালের কোন এক সময় হঠাত্ টাকার প্রয়োজন পড়ে ব্যারনের। টাকা তুলতে তাড়াতাড়ি তিনি ব্যাংকে ছোটেন। কিন্তু মাত্র এক মিনিট দেরি হওয়ায় পৌঁছার আগেই ব্যাংক বন্ধ হয়ে যায়। কিন্তু তার টাকার খুব দরকার। এই থেকেই ব্যাংকে গিয়ে টাকা তোলার ঝক্কি কীভাবে বিদায় করা যায় সেই চিন্তা মাথায় ঘুরপাক খেতে শুরু করে। তখন তার মাথায় আসে ভেন্ডিং মেশিনের কথা। ওই ধারণা থেকেই বানিয়ে ফেলেন এটিএম মেশিন।
প্রথম মেশিনটি ভাউচারের সাহায্যে পেমেন্ট করতো, যা আগে থেকেই ব্যাংকে গিয়ে সংগ্রহ করতে হতো।
এরপর ১৯৬৮ সালে বার্কলেজ এবং অন্যান্য ব্যাংক মিলে কার্ড ব্যবহার করা যায় এমন এটিএম মেশিন বানায়। ব্যাংক কার্ডটি সরবরাহ করতো। একটি কার্ড মাত্র একবার ব্যবহার করা যেতো। কারণ কার্ডটি মেশিনে দেয়ার পর আর বের হতো না।