| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যে গুরুতর অভিযোগ তুলেছেন, তার জবাবে আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার বক্তব্য উড়িয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জুলকারনাইন সায়ের বলেন, ‘জুলাই আন্দোলনে সামনে থাকা সাদিক কায়েমের নামে একটাও অসততার অভিযোগ আসেনি’। তিনি বলেন, ‘৫ আগস্ট ২০২৪-এর পর থেকে এখন পর্যন্ত যে ছেলেটার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তার নাম আবু সাদিক (Md Abu Shadik’) ।

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘এগুলো নিয়ে মুখরোচক আলোচনা হলেও কি নিজেদের গোপন সত্য লুকানো সম্ভব হবে?’
অন্যদিকে, নাহিদ ইসলাম শিবির ও সাদিক কায়েমের বক্তব্যকে ‘মিথ্যাচার’ উল্লেখ করে বলেন, ‘ছাত্রশক্তির গঠনপ্রক্রিয়ায় শিবিরের কোনো সরাসরি অংশগ্রহণ ছিল না।’ তিনি দাবি করেন, ‘গুরুবার আড্ডা’ পাঠচক্র এবং ঢাবির ছাত্র অধিকার থেকে কিছু সদস্য মিলে ছাত্রশক্তি গঠন করেছে, যেখানে শিবিরের সরাসরি কোনো ইনস্ট্রাকশন ছিল না।
নাহিদ আরও জানান, সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না, ৫ আগস্টের পর এই পরিচয় ব্যবহার শুরু করেন। অভ্যুত্থানে শিবিরের গুরুত্ব স্বীকার করলেও বলেন, ‘এই অভ্যুত্থান শিবির এককভাবে নেতৃত্ব দেয়নি। সব পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।’
এছাড়া, এনসিপি আহ্বায়ক আরও অভিযোগ করেন, গত বছরের ২ আগস্ট একটি আর্মি ক্যু পরিকল্পনা ছিল, যেখানে জুলকারনাইন সায়েরদের চাপ দিয়ে ফেসবুকে একদফা ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল। নাহিদ বলেন, ‘ক্ষমতা কোনোভাবেই সেনাবাহিনীর হাতে দেওয়া যাবে না, সেটা জনগণের মাধ্যমে সফল গণঅভ্যুত্থান হতে হবে।’
জবাবে জুলকারনাইন সায়ের নাহিদ ও তার বাবার সঙ্গে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার আব্দুর রাজ্জাক রিয়াদের সম্পর্ক তুলে ধরে প্রশ্ন তুলেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন, ‘রিয়াদকে গ্রেফতার করাতে আমার কোনো হাত নেই।’


