31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে ৩ হাজার ৮ টি উত্তরপত্রে বিভিন্ন বিষয়ে নম্বর বাড়লো

জনপ্রিয়
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৬৬ জন। একইসঙ্গে ফেল থেকে পাস করেছে ২১০ জন শিক্ষার্থী। রোববার প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা যায়।
পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের একটি সূত্র জানায়, পুনর্মূল্যায়নের জন্য বোর্ড কর্তৃপক্ষের কাছে মোট ৪৬ হাজার ৬৬৪টি আবেদন জমা পড়েছিল। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ হাজার ৮ টি উত্তরপত্রে বিভিন্ন বিষয়ে নম্বর বাড়ে। এর মধ্যে ১ হাজার ৫৯০টি আবেদনে শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট পরিবর্তিত হয়েছে। বাকি আবেদনগুলোতে নম্বর বাড়লেও গ্রেড পয়েন্ট অপরিবর্তিত রয়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান সমকালকে বলেন, ফলাফল পুনর্মূল্যায়নের কারণে বোর্ডের সামগ্রিক পাসের হার দশমিক ২০ শতাংশ বেড়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ফলাফল প্রকাশের সময় পাস করে ৬১ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী। পুনর্মূল্যায়নের পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৬৬৬। পাসের হার শতকরা ৫৮ দশমিক ২২ শতাংশ থেকে বেড়ে এখন ৫৮.৪২ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আগে ছিল ৬ হাজার ৬৭৮। পুনর্মূল্যায়নের পর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৪৪।
ফলাফলে ভুল হওয়ার প্রসঙ্গে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল্লাহ সমকালকে বলেন, সাধারণত যেসব শিক্ষকরা পরীক্ষার খাতা মূল্যায়ন করেন, তাদের কিছু ভুলের কারণে এমনটা হয়ে থাকে। প্রথম ‍ও দ্বিতীয় পরীক্ষক এবং প্রধান পরীক্ষক নম্বরপত্র হিসাব নিকাশ করে চূড়ান্ত করে বোর্ডে পাঠায়।
তিনি বলেন, নম্বর যোগের ক্ষেত্রে এবং ওএমআর শিটে ভুল বৃত্ত ভরাটের কারণে ফলাফলে ত্রুটি দেখা দেয়। এ ক্ষেত্রে বোর্ড কর্মকর্তাদের কোনো দায় নেই।
গত ১০ জুলাই এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১ জুলাই থেকে শুরু হয় পুনর্মূল্যায়নের আবেদন, যা শেষ হয় ১৭ জুলাই।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...