- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বিনোদন ডেস্ক:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা বাড়াতে বিটিভিতে আবার শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা। এর মাধ্যমে শিশু-কিশোররা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
গতকাল রোববার ঢাকার রামপুরায় বিটিভি ভবনে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নতুন কুঁড়ির প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা বলেন, জিয়াউর রহমানের শাসনামলে বিটিভিতে নতুন কুঁড়ি প্রতিযোগিতা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার রাজনৈতিক কারণে এটি বন্ধ করে দেন। রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে নতুন কুঁড়ি আয়োজন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক ও সংস্কৃতিকর্মী তৈরি হবে, যারা জাতি গঠনে ভূমিকা রাখবে।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ। আর নতুন বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য এই নতুন কুঁড়ি প্রতিযোগিতা।
নতুন কুঁড়ি প্রতিযোগিতার ধরন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিযোগিতায় খুব বেশি পরিবর্তন আনা হয়নি। আগে যেভাবে হয়েছে, এবারও সেই আদলে হবে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হবে। কেউ পক্ষপাতিত্ব করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

