28 C
Dhaka
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে

জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গতকাল পর্যন্ত এক হাজার ৭৯১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘোষিত তপশিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। কিন্তু রাত সাড়ে ৯টায় প্রধান রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে বলা হয়েছে, আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
এর আগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনভর বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। এদিকে নির্বাচনে অংশ নিতে গতকাল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদ। তবে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও বাম জোটের নেতারা ফরম নিলেও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। আজ তাদের প্যানেল ঘোষণার কথা রয়েছে। স্বাধীনতার পর এবারই প্রথম ডাকসুর নির্বাচনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন  ছাত্রলীগ অংশ নিতে পারছে না। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর আক্রমণসহ হত্যা, নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত বছরের ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের নেতৃত্বেও দুটি পৃথক প্যানেল দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত আটটি প্যানেলের খবর মিলেছে। তবে ২৫ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত হবে প্যানেল ও প্রার্থী তালিকা।
গতকাল সোমবার সারাদিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মনোনয়নপত্র বিক্রি করা হয়। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে ৫৬৫টি এবং হল সংসদে ১৩টি পদের বিপরীতে মোট এক হাজার ২২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ৩৯ হাজার ৭৭৫ জন ভোটারের বিপরীতে এক হাজার ৭৯১ জন প্রার্থী হয়েছেন। সে হিসাবে ২২ জন ভোটারের বিপরীতে প্রার্থী হয়েছেন একজন।
নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল বুধবার বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ২১ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট। আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফল ঘোষণা করা হবে।
গতকাল পর্যন্ত হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ৯৭ জন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ২৯ জন মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩, রোকেয়া হলে ৪৬, সূর্য সেন হলে ৯০, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪, শামসুন নাহার হলে ৩৭, কবি জসীম উদ্‌দীন হলে ৭৪, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, কবি সুফিয়া কামাল হলে ৪০, বিজয় একাত্তর হলে ৮৮ জন ও স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র নিয়েছেন।
শিবির ও ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
মনোনয়নপত্র সংগ্রহের পর ইসলামী ছাত্রশিবির ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এতে চারজন নারী, একজন আদিবাসী (চাকমা), জুলাইয়ে আহত একজন এবং বিশেষ চাহিদাসম্পন্ন একজন রয়েছেন। সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হয়েছেন ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। এই প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে ফাতিমা তাসনিম জুমা; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ঢাবি শিবিরের বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার; কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা; আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক পদে জুলাইয়ে এক চোখ হারানো খান জসীম প্রার্থী হয়েছেন।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আপ বাংলাদেশের আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া প্রার্থী হয়েছেন।
ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে। এ তালিকায় রয়েছেন– সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, ঢাবি শিবিরের ক্রীড়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম মুজাহিদ, বিশেষ চাহিদাসম্পন্ন রাইসুল ইসলাম, ছাত্রী সংস্থা থেকে সাবিকুন নাহার তামান্না ও আফসানা আক্তার, ঢাবি শিবিরের তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, শাহিনুর রহমান, বিতার্কিক রায়হান উদ্দিন এবং স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চার প্ল্যাটফর্মের আনাস বিন মনির।
অন্যদিকে, সাবেক ভিপি নুরুল হক নুর সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। এই প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং জিএস পদে লড়বেন সাবিনা ইয়াসমিন। এজিএস পদে রয়েছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।
প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন, মানবাধিকার ও আইন সম্পাদক ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ইমন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ রজবসালার খান শাওন।
সদস্য পদে জাপানিজ স্টাডিজ বিভাগের রাহাত, ২০২৩-২৪ সেশনের রেজুয়ান ও মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, কৌশিক আদির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও এইচএম মাহতাব ইসলাম।
প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল 
গতকাল পর্যন্ত প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল। সংগঠনটির নেতারা পৃথকভাবে বিভিন্ন পদে মনোনয়নপত্র নিয়েছেন। সোমবার বিকেলে ছাত্রদল ঢাবি শাখার যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান ও বি এম কাউসার এবং ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর পর জিএস পদে কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম, এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর হাদী আল মায়েদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া এজিএস পদে ঢাবি ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান এবং হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক মনসুর রাফি মনোনয়নপত্র কিনেছেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু মনোনয়নপত্র নিয়েছেন।
জানা গেছে, ভিপি পদে আবিদুল ইসলামের প্রতি সমর্থন রয়েছে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের। বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের ভাতিজা তানভীর বারী হামিম জিএস পদে মনোনয়ন পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ছাত্রদলের নেতারা বলেছেন, সংগঠন থেকে আগ্রহী শিক্ষার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত প্যানেল মনোনীত করবেন।
স্বতন্ত্র প্যানেল উমামার 
স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তবে তিনি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেননি। জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া, বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই দুজন উমামার প্যানেলে প্রার্থী হতে পারেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক পদে বিজয় একাত্তর হলের নূমান আহমেদ চৌধুরী, সদস্য পদে জগন্নাথ হলের ববি বিশ্বাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নওরীন সুলতানা তমা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উমামা ফাতেমা বলেন, যোগ্যতা দেখে মঙ্গলবার প্যানেল ঘোষণা করা হবে। শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণার চেষ্টা রয়েছে।
বাম জোটের ভিপি ইমি ও জিএস মেঘমল্লার
এদিকে আংশিক প্যানেল ঘোষণা করেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর সম্মিলিত জোট ‘গণতান্ত্রিক ছাত্রজোট’। আজ মঙ্গলবার তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা রয়েছে। ঘোষিত ভিপি পদে মনোনীত হয়েছেন শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস পদে ছাত্র ইউনিয়নের (একাংশ) ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু, এজিএস পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি মোজাম্মেল হক প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মাহিন সরকারের ‘ডিইউফার্স্ট’ প্যানেল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা মাহিন সরকারকে সঙ্গে নিয়ে ‘ডিইউফার্স্ট’ প্যানেল ঘোষণা করেছে ‘স্বাধীন বাংলাদেশ’ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। এ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. মাহিন সরকার লড়বেন। এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে (এজিএস) পদে লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ও রোকেয়া হলের শিক্ষার্থী ফাতেহা শারমিন এ্যানি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাগছাসের প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’
ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে লড়বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। তবে এই প্যানেল থেকে কে কোন পদে নির্বাচন করবেন, সেটি এখনও ঘোষণা করা হয়নি। গতকাল বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
জাহিদ আহসান জানান, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্যানেলের সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
অন্যদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) থেকে পদত্যাগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদে স্বতন্ত্র ভিপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তসেন মুক্তার। সোমবার বিকেলে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে এনবিআরকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে আয়োজিত রাজস্ব সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আরও দক্ষ, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের প্রতি...