জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে দুই দিনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। আজ রোববার (১৬ নভেম্বর) এ কর্মসূচির প্রথম দিন হলেও রাজধানী ঢাকায় এর কোনো প্রভাবই দেখা যায়নি।
সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ভোর থেকেই নগরবাসী কর্মস্থলের উদ্দেশে ঘর থেকে বের হন। কাওরানবাজার, ফার্মগেট, বিজয় সরণি, শাহবাগসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। গণপরিবহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
সরেজমিন দেখা গেছে, বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক নিরাপত্তা ও টহল জোরদার করেছেন।
সাধারণ মানুষের ভাষ্য, ‘ঢাকায় শাটডাউন চলছে’—এমন কোনো পরিস্থিতি তাদের নজরে আসেনি। অনেকেই এটিকে “অনলাইনের ফাঁকা আওয়াজ” বলে উল্লেখ করেছেন।
অফিসগামী ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের কেউ কেউ বলেন, ভয়ভীতি ছড়ানোর চেষ্টা থাকলেও শহর স্বাভাবিক রয়েছে। তারা নগরকে নিরাপদ রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। তার আগের দিন ১৩ নভেম্বরকেও ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ।
৭ নভেম্বর রাত থেকে রাজধানীসহ বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়। রায়কে ঘিরে একই ধরনের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ।
অনলাইনে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও ‘শাটডাউন’-এর ডাক দেওয়া হলেও মাঠপর্যায়ে এর সাড়া নেই বলে জানা গেছে। রাজধানীর অধিকাংশ এলাকায় জনজীবন পুরোপুরি স্বাভাবিক রয়েছে।