বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন। পাশাপাশি শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁন মনোনীত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে শহীদ মাহবুবুর রহমান অডিটরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিনকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথ পাঠ করান।
পরবর্তীতে সদস্যদের মতামতের আলোকে নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনের নাম ঘোষণা করেন।
শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।