জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ঘোষিত ৮টি কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে। তবে ভিপি পদে শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের মধ্যে ব্যবধান মাত্র ৬ ভোট।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
জিএস পদে শিবির প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ ৮২৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। এ পদে ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২২ ভোট। এছাড়া এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা ৭৯৯ ভোট এবং ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।
যদিও শীর্ষ তিন পদ ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে, তবে পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে এখনো ছাত্রদল সমর্থিত প্যানেল এগিয়ে আছে। নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, ভোট গণনায় যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় গণনা কার্যক্রম স্থগিত ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও নির্ধারিত সময়ে তা শেষ করা সম্ভব হয়নি।