- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে সরকার ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চাইতে পারে এবং এতে আইনগত কোনো বাধা নেই। দেশের শীর্ষস্থানীয় আইনজ্ঞরা এমন মতামত দিয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইয়ার ইয়াবস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্যান্য অনেক দেশ পর্যবেক্ষক দল না পাঠালেও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। কারণ ইইউ আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল এখন অনেক বেশি শক্তিশালী। তফসিল ঘোষণার পর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে।
শফিকুল আলম জানান, আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে বলে সরকার মনে করে।

