18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্রের ৬২ শতাংশ উদ্ধার, নিরাপত্তায় সশস্ত্র বাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

জনপ্রিয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নির্বাচনী নিরাপত্তা ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানকালীন অস্থির পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানা থেকে মোট ৩ হাজার ৬১৯টি অস্ত্র লুট হয়। এ পর্যন্ত কঠোর অভিযানের মাধ্যমে ২ হাজার ২৫৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা মোট লুট হওয়া অস্ত্রের ৬২ দশমিক ৪ শতাংশ।
তিনি আরও জানান, সে সময় লুট হওয়া ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড গোলাবারুদের মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড উদ্ধার সম্ভব হয়েছে, যা মোটের প্রায় ৫২ শতাংশ। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সেনাপ্রধান আশ্বস্ত করে বলেন, নির্বাচনের সময় জনমনে স্বস্তি নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, “গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশবাসী একটি শান্তিপূর্ণ নির্বাচন উপভোগ করতে পারবে।”
সভায় সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রয়োজনে সশস্ত্র বাহিনী ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করতে পারবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাহিনীগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের ঘাটতি গ্রহণযোগ্য হবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা, মন্ত্রিপরিষদ সচিব, নৌ ও বিমানবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা।
এদিকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য আজ মধ্যরাত থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...