18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

অস্কারের মনোনয়নে রেকর্ড ভেঙেছে ভ্যাম্পায়ার হরর সিনেমা ‘সিনার্স’

জনপ্রিয়
অস্কারের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে ভ্যাম্পায়ার ঘরানার হরর সিনেমা ‘সিনার্স’। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে একক সিনেমা হিসেবে সর্বোচ্চ ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে অভিনেতা ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান আনুষ্ঠানিকভাবে এবারের অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করেন।
মনোনয়নের সংখ্যায় পিছিয়ে পড়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি পেয়েছে ১৩টি মনোনয়ন এবং রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। এ ছাড়া ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’‘সেন্টিমেন্টাল ভ্যালু’—এই তিনটি সিনেমা ৯টি করে মনোনয়ন অর্জন করেছে। আর ‘হ্যামনেট’ জায়গা করে নিয়েছে ৮টি বিভাগে।
রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ প্রায় সব প্রধান ক্যাটাগরিতেই মনোনয়ন পেয়েছে। চলতি বছরে উত্তর আমেরিকার বক্স অফিসে আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান, যা দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এবারের সেরা চলচ্চিত্রের প্রতিযোগিতায় রয়েছে মোট ১০টি সিনেমা—
‘সিনার্স’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ‘বুগোনিয়া’, ‘এফ-ওয়ান’, ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং ‘ট্রেন ড্রিমস’।
সবশেষে জানা গেছে, আগামী ১৫ মার্চ হলিউডের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে অস্কারের মর্যাদাপূর্ণ স্বর্ণমূর্তি।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...