ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন। তিনি জানান, ভারতের জাতীয় ছুটির কারণে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে বন্দরের ভেতরের দাপ্তরিক ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আগামী মঙ্গলবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটেনি।
স্থলবন্দরের তথ্য অনুযায়ী, দেশের স্থলপথে সবচেয়ে বেশি আমদানি-রপ্তানি বাণিজ্য হয় বেনাপোল বন্দর দিয়ে। চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিবছর প্রায় ১৮ লাখ পাসপোর্টধারী যাত্রী এ বন্দর ব্যবহার করে ভারত যাতায়াত করেন। ভ্রমণ ও বাণিজ্য খাত থেকে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।