জুলাই আন্দোলনের সময় রাজধানীর আফতাবনগরে আল আমিনকে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই হারুন-অর-রশিদ গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানিতে আসিবুর রহমান খানকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন গ্রেপ্তার না দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে বক্তব্য দেন। শুনানি শেষে আদালত তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ১৯ জুলাই দুপুর সোয়া ১টার দিকে আফতাবনগরে জুলাই আন্দোলনে অংশ নেন আল আমিন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা ও গুলিবর্ষণ করলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় আল আমিন ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, আসিবুর রহমান খানকে এর আগে ২৬ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।