- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
ইউরোপীয় বাছাইপর্বে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। গত গ্রীষ্মে অনুষ্ঠিত বাছাইপর্বে চতুর্থ স্থান পাওয়ায় তারা সরাসরি মূল পর্বের টিকিট পায়নি। ওই বাছাই থেকে নেদারল্যান্ডস ও ইতালি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।
তবে পরবর্তীতে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে অপারগতা জানালে আইসিসির সিদ্ধান্তে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।
এই প্রসঙ্গে বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ট্রিশা লিন্ডব্লেড। তিনি বলেন,
“আমরা বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের অবস্থান বুঝতে পারি। একজন ক্রিকেটারের মূল লক্ষ্য থাকে মাঠে খেলা। কিন্তু কিছু সিদ্ধান্ত এমন জায়গা থেকে আসে, যা আমাদের কারও নিয়ন্ত্রণে থাকে না। এটি আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচনার বিষয়।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান জানিয়ে স্কটল্যান্ড ক্রিকেট আইসিসির আনুষ্ঠানিক নির্দেশনার জন্য অপেক্ষা করেছে বলেও জানান তিনি।
ক্রিকেট বিশ্বে বিভাজন বাড়ছে কি না—এমন প্রশ্নে লিন্ডব্লেড বলেন,
“আমি আশাবাদী ক্রিকেট আরও বিভক্ত হয়ে পড়বে না। যদি সেই আশঙ্কা তৈরি হয়, তবে সেটি রুখতে সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।”
সহযোগী সদস্য দেশ হিসেবে স্কটল্যান্ড আইসিসির রাজস্ব বণ্টন কাঠামো থেকে বছরে প্রায় ২৭ লাখ পাউন্ড পায়, যা পূর্ণ সদস্য দেশগুলোর তুলনায় অনেক কম। উদাহরণ হিসেবে, ইংল্যান্ড কেবল আইসিসি থেকেই পায় প্রায় ৩ কোটি ৩০ লাখ পাউন্ড, এর বাইরে রয়েছে বিপুল সম্প্রচার আয়।
বিশ্বকাপে অংশগ্রহণ স্কটল্যান্ডের জন্য আর্থিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তারা পেয়েছিল আনুমানিক ২ লাখ ৩ হাজার পাউন্ড। তবে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত হওয়ায় এবারের আসরে প্রস্তুতি ও যাতায়াত ব্যয় বেড়ে গেছে।
বর্তমান পরিস্থিতিতে স্কটল্যান্ড ক্রিকেট সংবেদনশীল ও কূটনৈতিক অবস্থান নিয়েছে বলে জানান লিন্ডব্লেড। একই সঙ্গে ইউরোপীয় বাছাইয়ে স্কটল্যান্ডের ওপরে তৃতীয় হওয়া জার্সি দল নিজেদের বঞ্চিত মনে করতে পারে বলেও স্বীকার করেন তিনি। এ বিষয়ে জার্সি ক্রিকেটের কর্মকর্তা সারা গোমারসালের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা করেছেন বলেও জানান স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী

