18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

সদস্য রাষ্ট্রগুলো নিয়মিত ফি না দেওয়ায় ‘আর্থিক বিপর্যয়ের মুখে’ জাতিসংঘ: গুতেরেস

জনপ্রিয়
সদস্য রাষ্ট্রগুলোর বাধ্যতামূলক চাঁদা নিয়মিত না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে জানিয়েছেন, এই ধারা অব্যাহত থাকলে আগামী জুলাই মাসের মধ্যেই জাতিসংঘ কার্যত দেউলিয়া হয়ে যেতে পারে।
জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রকে পাঠানো এক চিঠিতে গুতেরেস বলেন, বর্তমান আর্থিক সংকট সংস্থার মৌলিক কার্যক্রমকে গুরুতরভাবে ব্যাহত করছে। তিনি স্পষ্ট করে জানান, হয় সদস্য দেশগুলোকে সময়মতো তাদের নির্ধারিত ফি পরিশোধ করতে হবে, নতুবা জাতিসংঘের আর্থিক কাঠামোয় বড় ধরনের সংস্কার আনতে হবে। অন্যথায় এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিয়মিত বাজেট ও শান্তিরক্ষা কার্যক্রমে অর্থায়ন বন্ধ করে দেয়। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, মার্কিন করদাতাদের অর্থ জাতিসংঘে ব্যয় করা অযৌক্তিক। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকেও সরে দাঁড়িয়েছে।
গুতেরেসের তথ্যমতে, ২০২৫ সালে জাতিসংঘ তার মোট পাওনার মাত্র ৭৭ শতাংশ আদায় করতে পেরেছে, যা ইতিহাসে সর্বনিম্ন। অনেক দেশ ফি পরিশোধে ব্যর্থ হচ্ছে কিংবা দীর্ঘ বিলম্ব করছে।
তহবিল সংকটের প্রভাব পড়েছে জাতিসংঘের বিভিন্ন কার্যালয়েও। জেনেভা অফিসে ব্যয় কমাতে বন্ধ রাখা হয়েছে এস্কেলেটর, কমানো হয়েছে ভবনের গরম রাখার ব্যবস্থা। সর্বত্র ঝুলছে ব্যয় সাশ্রয়ের নির্দেশনা।
চিঠিতে গুতেরেস একটি অস্বাভাবিক আর্থিক সমস্যার কথাও তুলে ধরেন। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে কোনো প্রকল্পের অর্থ ব্যয় না হলে তা সদস্য দেশগুলোকে ফেরত দিতে হয়। ফলে যে অর্থ আদায়ই হয়নি, সেই অর্থও ফেরত দিতে হচ্ছে। চলতি মাসেই এভাবে প্রায় ২৩ কোটি ডলার ফেরত দিতে বাধ্য হয়েছে সংস্থাটি।
এই সংকটের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে, অর্থের অভাবে তারা আর যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের তদন্ত চালাতে পারছে না। একই সঙ্গে আফগানিস্তানে প্রসূতি ও শিশুস্বাস্থ্য ক্লিনিক বন্ধ হয়ে যাচ্ছে এবং সুদান থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা কমিয়ে দিতে বাধ্য হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...