31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

নির্বাচন শেষে দ্রুত ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার অন্তর্বর্তী সরকারের

জনপ্রিয়

নির্বাচন শেষে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য রাখে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান। স্ট্যাটাসে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া কিছু প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তিনি।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচন শেষ হওয়ার পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি যারা প্রচার করছেন, তাদের উদ্দেশ্য সৎ নয়। তিনি দাবি করেন, এই গোষ্ঠীটি এর আগেও নির্বাচন নিয়ে জনমনে সংশয় ও অনিশ্চয়তা তৈরির চেষ্টা করেছে।
তিনি আরও লেখেন, এখন যখন স্পষ্ট হয়ে উঠছে যে নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে, তখন একটি মহল নতুন করে ষড়যন্ত্রমূলক বক্তব্য ও অপপ্রচার ছড়াচ্ছে। এসব প্রচারণার মূল লক্ষ্য হলো নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা।
উপ-প্রেস সচিব দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের অপপ্রচারে অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন, যা উদ্বেগজনক। তবে বাস্তবতা হলো—এই প্রচারণার কোনো বাস্তব ভিত্তি নেই।
তিনি স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব হলো একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করা। এর বাইরে সরকারের কোনো রাজনৈতিক বা ক্ষমতাকেন্দ্রিক লক্ষ্য নেই।

- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...