ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টো (৪৫) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভুট্টো একই এলাকার মৃত আখতারুজ্জামান সোহেলের ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কেনাবেচা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দুর্বৃত্তরা আব্দুর রহিম ভুট্টোকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন সরকারি হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।