| Your Ads Here 100x100 |
|---|
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে এ দাম কার্যকর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে ১৮ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত ৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১২ বার কমেছে। গত বছর মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।

