বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাণিজ্য সম্পর্ক জোরদারে গুরুত্ব
ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে গভীর ও বহুমাত্রিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে এই সম্পর্ক আরও সম্প্রসারণে ভারত কাজ করবে। পাশাপাশি ভিসা-সংক্রান্ত জটিলতা দ্রুত কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
বর্ডার হাট ও স্থলবন্দর চালুর আলোচনা
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, নতুন সরকারকে শুভেচ্ছা জানাতেই মূলত এই সাক্ষাৎ। তবে আলোচনায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম বাড়াতে বন্ধ থাকা বর্ডার হাট ও কয়েকটি স্থলবন্দর পুনরায় চালুর বিষয়েও কথা হয়েছে।
কূটনৈতিক মহলে মনে করা হচ্ছে, ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে যাতায়াত আরও সহজ হবে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন গতি দেবে।