বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা আবারও আলোচনায় এসেছেন, তবে এবার একটি গুজবকে ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—৬৬ বছর বয়সে নাকি তিনি মা হতে চলেছেন। খবরটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
ঘটনাটি আরও বেশি আলোচনায় আসে কারণ এর কিছুদিন আগেই তার মেয়ে মাসাবা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ফলে অনেকেই বিষয়টি শুনে অবাক হয়ে যান।
তবে এসব গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন নীনা গুপ্তা। বিষয়টি নিয়ে হাসতে হাসতেই তিনি বলেন, “বাস্তব জীবনেও বুঝি এবার ‘বাধাই হো’!”—তার এই মন্তব্যে স্পষ্ট ছিল রসিকতার সুর।
উল্লেখ্য, ‘বাধাই হো’ সিনেমায় নীনা গুপ্তা এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি প্রায় ৬০ বছর বয়সে হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন। সেই সিনেমার কথাই ইঙ্গিত করে মজা করেছেন অভিনেত্রী।
জানা গেছে, সম্প্রতি অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডারের–এর রিসেপশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নীনা গুপ্তা। সেখানে শাড়ি পরা অবস্থায় তার পেট কিছুটা উঁচু দেখাচ্ছিল। অনেকেই সেটিকে ‘বেবি বাম্প’ মনে করে সামাজিক মাধ্যমে গর্ভধারণের গুজব ছড়িয়ে দেন।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে নীনা গুপ্তা বলেন, তিনি মোটেও গর্ভবতী নন। শাড়ির কাপড় একটু মোটা হওয়ায় এমনটা মনে হয়েছে।
পরে মজার ছলে তিনি আরও বলেন, এই বয়সেও তাকে ঘিরে এমন গুজব ছড়ানোটা তার কাছে খারাপ লাগেনি। বরং এতে বোঝা যায় সমাজের চিন্তাভাবনা ধীরে ধীরে বদলাচ্ছে।
ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনায় ছিলেন নীনা গুপ্তা। একসময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার Vivian Richards–এর সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকেই জন্ম নেন মাসাবা গুপ্তা। যদিও পরে রিচার্ডস নিজ দেশে ফিরে যান, তবুও গর্ভপাতের সিদ্ধান্ত না নিয়ে মেয়েকে জন্ম দেন নীনা।
উল্লেখ্য, ২০২৩ সালে মাসাবা গুপ্তার বিয়ে হয় এবং পরে তিনি মা হন।