যশোরের কেশবপুর উপজেলায় মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামীকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করতে রাতে অভিযান চালায় কেশবপুর থানা পুলিশ। তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় ‘পুলিশ আসামীকে মেরে ফেলেছে’—এমন ভুয়া ঘোষণা মসজিদের মাইকে প্রচার করা হয়। এতে ৫০-৬০ জন স্থানীয় লোকজন জড়ো হয়ে মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামীকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুল্লাহ আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম হাসপাতালে ভর্তি রয়েছেন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত কনস্টেবল শহিদুল ইসলাম জানান, আসামীকে আটকের পর স্থানীয়রা সংঘবদ্ধভাবে হামলা চালায় এবং তাকে শারীরিকভাবে আঘাত করে ছিনিয়ে নিয়ে যায়।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিথ্যা ঘোষণার মাধ্যমে জনতা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে আবারও আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।