27 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

ইউএসএফ শিক্ষার্থী হত্যা: লিমনের মরদেহ উদ্ধার, রুমমেট গ্রেপ্তার; বৃষ্টি এখনও নিখোঁজ

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড সেতু এলাকায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি।
হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তর জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে লেক ফরেস্ট এলাকায় সহিংসতার একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে সন্দেহভাজন আবুগারবিয়েহ বাড়ি থেকে বের হতে অস্বীকৃতি জানালে সোয়াট টিম মোতায়েন করা হয়। পরে তিনি শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়।
জেল রেকর্ড অনুযায়ী, আবুগারবিয়েহর বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৩ সালে চুরি, মারধর এবং ঘরোয়া সহিংসতার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। এছাড়া ২০২৫ সালেও তার বিরুদ্ধে একই ধরনের সহিংসতার অভিযোগ আনা হয়েছিল।
নিহত জামিল লিমন ইউএসএফ-এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিভাগের একজন ডক্টরাল শিক্ষার্থী ছিলেন। নিখোঁজ নাহিদা বৃষ্টি পড়াশোনা করছিলেন রাসায়নিক প্রকৌশলে। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায়। পরদিন একজন পারিবারিক বন্ধু বিষয়টি পুলিশকে জানান।
এদিকে, নাহিদা বৃষ্টির সন্ধানে হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তরের মেরিন ও ডাইভ টিম হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড সেতুর আশপাশের পানিতে তল্লাশি চালাচ্ছে।
ঘটনাটি নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে এফবিআইয়ের সাবেক বিশেষ এজেন্ট এবং ইউএসএফ সেন্টার ফর জাস্টিস রিসার্চ অ্যান্ড পলিসির সহপরিচালক ড. ব্রায়ানা ফক্স বলেন, ট্যাম্পা বে অঞ্চলে প্রমাণ ছড়িয়ে থাকার ধরন দেখে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত নয়; বরং আকস্মিক রাগ বা আবেগের বশবর্তী হয়ে সংঘটিত হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, পরিচিতজনদের মধ্যে সংঘটিত সহিংসতার ক্ষেত্রে অর্থ, ঈর্ষা বা ব্যক্তিগত বিরোধ প্রায়ই প্রধান কারণ হয়ে দাঁড়ায় এবং অনেক সময় তা ক্ষণিকের উত্তেজনা থেকেই ঘটে।
হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেন, “এটি অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা, যা আমাদের পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। জামিল লিমনের মরদেহ উদ্ধার হওয়া অত্যন্ত হৃদয়বিদারক। তবে আমাদের গোয়েন্দারা নিরলসভাবে কাজ করছেন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।”
- Advertisement -spot_img
সর্বশেষ

চট্টগ্রামে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ

বাংলাদেশ দারুণ এক জয়ে শুরু করল টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে...