শ্রীধর ভেম্বু তামিলনাড়ুর চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, টাকার প্রভাবমুক্ত ভোট নিশ্চিত করে নতুন নির্বাচন আয়োজনই রাজ্যের জন্য সবচেয়ে ভালো সমাধান হতে পারে।
ভেম্বুর মতে, বর্তমান নির্বাচনের ফলাফলে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন হলেও তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তিনি বলেন, নানা রাজনৈতিক সমঝোতা ও চাপের কারণে সম্ভাব্য সরকার অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও মন্তব্য করেন, নতুন নির্বাচন হলে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) বড় ধরনের জনসমর্থন পেতে পারে। একই সঙ্গে তিনি ডিএমকে ও এআইএডিএমকের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন এবং বিজেপিকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬-এ ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন পেয়ে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলটি এখনও পিছিয়ে রয়েছে।
এ পরিস্থিতিতে টিভিকে কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিএম এবং বিজেপির মিত্র দল পিএমকের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি দলটির প্রতিনিধিরা এডাপ্পাডি কে পলানিস্বামী-র সঙ্গেও বৈঠক করেছেন বলে জানা গেছে।
এরই মধ্যে কংগ্রেস জানিয়েছে, কোনো সাম্প্রদায়িক শক্তি জোটে না থাকলে তারা বিজয়কে সমর্থনের বিষয়ে বিবেচনা করবে। অন্যদিকে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনও সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। রাজনৈতিক সূত্রগুলো বলছে, প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে টিভিকের আরও সময় লাগতে পারে।