পিয়ার্স মরগান আবারও ফুটবলভক্তদের আলোচনার কেন্দ্রে। এবার তিনি নিজের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করে সেখানে জায়গা দেননি লিওনেল মেসি-কে। শুধু তাই নয়, মেসিকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা ফুটবলার বলতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত মরগানের পছন্দের দলে ছিলেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিয়ো, দিয়েগো ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও।
পোস্টটি নিয়ে আলোচনা শুরু হলে মরগান নিজের অবস্থান আরও স্পষ্ট করে বলেন, তার মতে মেসি আর্জেন্টিনারও সর্বকালের সেরা নন। ইঙ্গিতপূর্ণ এই মন্তব্যে তিনি ম্যারাডোনাকেই এগিয়ে রেখেছেন বলে ধারণা করা হচ্ছে।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক। অনেক সমর্থক মরগানের মতামতকে ব্যক্তিগত পছন্দ হিসেবে দেখলেও অধিকাংশ ফুটবলপ্রেমী প্রশ্ন তুলেছেন মেসির মতো বিশ্বকাপজয়ী ও বহুমাত্রিক সাফল্যের অধিকারী একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে।
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো-কে ঘিরে ‘সর্বকালের সেরা’ বিতর্ক বহু বছর ধরেই চলছে। মরগানের সাম্প্রতিক মন্তব্য সেই আলোচনাকেই আবার নতুন করে উসকে দিল।