জন্মদিনে ব্যাট হাতে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে অভিজ্ঞতা ও ধৈর্যের অনন্য প্রদর্শনীতে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি।
নিজের ১০১তম টেস্ট খেলতে নেমে দিনের শুরু করেছিলেন ৪৮ রানে অপরাজিত থেকে। অন্য প্রান্তে ছিলেন লিটন দাস, তার সংগ্রহ ছিল ৮ রান। দিনের খেলা শুরুর পর শাহীন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ১১৪ বলে পূর্ণ করেন অর্ধশতক। ইনিংসটিতে ছিল ৬টি চার।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসার প্রতীক মুশফিক এদিন ৩৯ বছরে পা রেখেছেন। সকালে সতীর্থদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন তিনি। পরে সেই কেক গ্রাউন্ডসম্যানদের মাঝেও ভাগ করে দেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
১৩টি টেস্ট সেঞ্চুরির মালিক মুশফিকের জন্য জন্মদিনের এই ফিফটি নিঃসন্দেহে বিশেষ অর্জন। তবে ইনিংসটিকে শতকে রূপ দিতে পারলে সেটিই হবে তার জন্মদিনের সবচেয়ে বড় উপহার।
এই ফিফটির মাধ্যমে টেস্টে টানা তিন ইনিংসে ৫০ বা তার বেশি রানের দেখা পেলেন তিনি। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দুই ইনিংসে তার স্কোর ছিল ৫৩ ও ১০৬। তার অভিজ্ঞ ব্যাটিংয়েই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।