শুভেন্দু অধিকারী–এর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)–এর কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তর করা।
সোমবার (১১ মে) রাজ্য সচিবালয় নবান্ন–এ অনুষ্ঠিত প্রথম ক্যাবিনেট বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নীতিশ প্রামাণিক।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন সরকার “ডাবল ইঞ্জিন” মডেলে কাজ করবে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তিত হয়েছে এবং সীমান্ত সুরক্ষার প্রশ্নে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সেই কারণে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ দ্রুত এগিয়ে নেওয়া হবে।
এছাড়া নতুন সরকার কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত চালুর ঘোষণা দিয়েছে। সোমবার থেকেই রাজ্যের বাসিন্দাদের এই প্রকল্পের আওতায় আনার কাজ শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
একই সঙ্গে পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আগের সরকার এটি বাস্তবায়ন করেনি।
সরকারি চাকরিপ্রার্থীদের জন্যও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। দীর্ঘদিন নিয়োগ কার্যক্রম স্থবির থাকার কারণে নতুন নিয়োগে আবেদনকারীদের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।
প্রশাসনিক ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ আবার চালু করা হবে।
তবে ক্ষমতার পরিবর্তনের পরও চলমান সামাজিক প্রকল্পগুলো বন্ধ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান সব সামাজিক কর্মসূচি চালু থাকবে, তবে অবৈধ বা মৃত ব্যক্তিদের নামে সুবিধা নেওয়ার সুযোগ বন্ধ করা হবে।