দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণান অভিনীত নতুন সিনেমা কারুপ্পূ আগামী ১৪ মে মুক্তি পাচ্ছে। তবে সিনেমাটি মুক্তির আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় একটি বড় সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন।
তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে খুব ভোরে বা সকালে সিনেমার শো প্রদর্শনের ওপর বিধিনিষেধ ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজয় সেই নিয়মে পরিবর্তন এনেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ৯টা থেকেই প্রেক্ষাগৃহে সিনেমার প্রদর্শনী শুরু করা যাবে।
এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে তৃষার সিনেমা ‘কারুপ্পূ’ দিয়েই। ফলে আগামীকাল সকাল থেকেই দর্শকরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারবেন।
এদিকে বিজয় ও তৃষার ব্যক্তিগত সম্পর্ক ও বন্ধুত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। নতুন এই সিদ্ধান্তের পর অনেক ভক্তই মজা করে বলছেন, তৃষার ছবির জন্যই পুরনো নিয়ম বদলেছেন বিজয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ভক্ত বিজয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একজন ভক্ত মন্তব্য করেন, একসময় নিজের সিনেমার জন্য অনুমতি চাইতে হতো বিজয়কে, আর এখন পুরো ইন্ডাস্ট্রিই তার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকে।
এছাড়া তৃষার জন্মদিনের সময় বিজয়ের নির্বাচনী জয়কেও অনেক ভক্ত বিশেষ কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন।