কারিনা কায়সার আর ফিরলেন না জীবনের মঞ্চে। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তার মরদেহ রোববার দেশে আনা হয়েছে।
কারিনাকে বহনকারী বিমান বিকেল ৪টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করে। পরে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে তার মরদেহ গ্রহণ করেন বাবা কায়সার হামিদ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা হবে। আগামীকাল সকালে মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্র জানায়, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস-এ ও ই–জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে –এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসিখুশি ও প্রাণবন্ত উপস্থিতির জন্য সামাজিক মাধ্যমে জনপ্রিয় ছিলেন কারিনা কায়সার। তার মৃত্যুতে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।