নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে টানা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস। সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, নবনিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ ইকবাল–কে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে গাজীপুরেই অবস্থান করছেন এবং নিরাপদে থেকে কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবু তৈয়ব বলেন, প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চলছে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ব্লকেড কর্মসূচি চলবে।
এর আগে রোববার নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৭ জন আহত হন।
রোববার সকালে ক্যাম্পাসের মূল ফটকে ‘লাল কার্ড কর্মসূচি’ ব্যানারে অবস্থান নেন একদল শিক্ষার্থী। এ সময় নতুন উপাচার্যকে স্বাগত জানাতে ছাত্রদল-সমর্থিত আরেকটি পক্ষ ফটক খুলে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দাবি করেছে, আন্দোলনের আড়ালে ছাত্রশিবির পরিকল্পিতভাবে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অভিযোগ করেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগতরা হামলা চালিয়েছে।
গাজীপুর মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়।