মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের চলমান ‘অবৈধ দখলদারিত্ব বিরোধী’ উচ্ছেদ অভিযানের তীব্র সমালোচনা করেছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রাজ্যজুড়ে শুরু হওয়া উচ্ছেদ কার্যক্রমকে তিনি ‘বুলডোজার রাজনীতি’ বলে আখ্যা দেন।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সাবেক এই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সাধারণ মানুষের ঘরবাড়ি ও জীবিকার ওপর আঘাত হেনে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভয়ভীতি ও দমন-পীড়নের মাধ্যমে প্রশাসন পরিচালনা গ্রহণযোগ্য নয়। তার দাবি, উচ্ছেদ অভিযানের নামে দরিদ্র ও প্রান্তিক মানুষের ওপর অন্যায় আচরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষায় তার দল সবসময় সোচ্চার থাকবে এবং এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।