স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সম্ভাব্য ভূমিকম্পসহ নানা দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। একইসঙ্গে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে আয়োজিত ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সবার আগে মানুষের পাশে দাঁড়ায় ফায়ার সার্ভিস সদস্যরা। তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে নতুনভাবে পাসিংআউট করা আড়াই শতাধিক সদস্য বাহিনীতে যোগ দেন। এ সময় বুনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী ৯ সদস্যকে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া সাহসিকতা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০ জন সদস্যকে পদক প্রদান করা হয়। গত তিন বছরের বিভিন্ন অবদানের জন্য আরও ১৩৮ সদস্য পদক পাচ্ছেন বলেও জানানো হয়।