প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী সফরকে কেন্দ্র করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এ উপলক্ষে একটি গণবিজ্ঞপ্তি জারি করে কয়েকটি এলাকায় সাময়িক নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরী আইন–২০১৮ এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে পুলিশ কমিশনার নির্দিষ্ট এলাকায় অস্থায়ীভাবে নতুন বসবাস, ড্রোন উড়ানো এবং অস্ত্র বা বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) রাত ১২টা থেকে বুধবার (২০ মে) রাত ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানার সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা ও মাঝিপাড়া এলাকা এবং গাছা থানার চতুরা, গাছা, কুনিয়া, নিশাত হাউজিংসহ আশপাশের এলাকায় নতুন কোনো ব্যক্তি স্থায়ী বা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে পারবেন না।
একইসঙ্গে এসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক বা এ ধরনের বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। ড্রোনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আকাশে ওড়ানো থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।