আসিফ নজরুল মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে রাজনীতিতে ফিরে আসেনি, বরং আগে থেকেই ছিল। তার মতে, এখন মূলত দলটির “দম্ভ, মিথ্যাচার ও মানুষকে বিভ্রান্ত করার সাহস” আবার প্রকাশ্যে এসেছে।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে আসিফ নজরুল লিখেছেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”
এর আগে মঙ্গলবার রাতে সাবেক আরেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগের “ফিরে আসা” নিয়ে নিজের মতামত প্রকাশ করেন।
মাহফুজ আলমের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং একটি “ধর্মতত্ত্বের” মতো, যার প্রতি সমর্থকদের বিশ্বাস আবারও জোরালো হয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনার মধ্য দিয়ে দলটির পুনরুত্থানের পরিবেশ তৈরি হয়েছে।
তার পোস্টে আরও বলা হয়, ২০২৪–এর ঘটনাপ্রবাহকে ১৯৭১–এর চেতনার বিপরীতে দাঁড় করানো, ডানপন্থী রাজনীতির উত্থান এবং “মবের শাসন” প্রতিষ্ঠার প্রবণতা আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার পেছনে ভূমিকা রেখেছে।
জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা মাহফুজ আলমের মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনার প্রবণতা এবং আইনের শাসনের দুর্বলতা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করেছে।