রাউল কাস্ত্রো-এর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বেসামরিক উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়।
6
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ১৯৯৬ সালের ২৪ ফেব্রুয়ারি Brothers to the Rescue পরিচালিত দুটি নিরস্ত্র বেসামরিক বিমান কিউবার সামরিক বাহিনী গুলি করে ভূপাতিত করে। এতে চারজন নিহত হন, যাদের মধ্যে তিনজন মার্কিন নাগরিক ছিলেন। সে সময় রাউল কাস্ত্রো কিউবার প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এবং হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
মামলায় রাউল কাস্ত্রোর পাশাপাশি আরও পাঁচজন কিউবান নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র, বিমান ধ্বংস এবং হত্যা।
মিয়ামিতে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, “আমেরিকান নাগরিকদের হত্যার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতেই এই পদক্ষেপ।”
অন্যদিকে মিগুয়েল দিয়াজ-কানেল অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, কিউবার বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনকে ন্যায্যতা দিতেই এসব অভিযোগ আনা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অভিযোগ যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। যদিও ৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোকে বাস্তবে যুক্তরাষ্ট্রের হেফাজতে আনা কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।