চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২১ মে) সকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় এক বিচারপ্রার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপিপন্থি কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে।
5
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে আদালত ভবনের সামনে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করছিল জামায়াত ও এনসিপি-সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ। একই সময়ে সেখানে অবস্থান নেয় বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ-এর নেতাকর্মীরাও।
এ সময় আদালতে আসা এক বিচারপ্রার্থীকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী অভিযোগ করেন, তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। তবে ঘটনাস্থলে উপস্থিত অন্য কয়েকজন আইনজীবী দাবি করেন, তারা এমন কোনো স্লোগান শুনতে পাননি।
চট্টগ্রাম আদালতের আইনজীবী আবু বকর মো. ওমর আলী জানান, অভিযোগ ওঠার পর কয়েকজন আইনজীবী ওই ব্যক্তিকে ঘিরে ধরেন। তিনি দাবি করেন, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের অর্থ সম্পাদক পদপ্রার্থী আবুল মনসুর তার কলার ধরে টেনে নিয়ে যান এবং মারধরের চেষ্টা করেন।
পরে অন্য আইনজীবীরা হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয় এবং কিছু সময় পর ওই বিচারপ্রার্থীকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আলী বলেন, তিনি এ ধরনের কোনো অভিযোগ পাননি। তবে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে থাকলে সেটি “নিষিদ্ধ স্লোগান” উল্লেখ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ঘটনার পর আদালত এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা আটক হওয়ার খবর পাওয়া যায়নি।