জোয়াও ফেলিক্স সৌদি প্রো লিগে নিজের প্রথম মৌসুমেই দারুণ সাফল্য পেয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে মৌসুমসেরা খেলোয়াড়।
এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো-কে। যদিও রোনালদোও দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন এবং আল নাসরের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন।
আল নাসর-এর হয়ে দামাকের বিপক্ষে ৪-১ গোলের জয়ে রোনালদোর জোড়া গোল নিশ্চিত করে সৌদি প্রো লিগ শিরোপা। আল হিলালকে দুই পয়েন্টে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয় দলটি। সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি ছিল রোনালদোর প্রথম বড় শিরোপা।
পুরো মৌসুমে ২৮ গোল করেছেন রোনালদো। তবে ফেলিক্স শুধু গোলই করেননি, পুরো লিগে সর্বোচ্চ ১৩টি অ্যাসিস্টও করেছেন। সব মিলিয়ে ২০ গোল ও ১৩ অ্যাসিস্টে আল নাসরের আক্রমণভাগের অন্যতম মূল ভরসা হয়ে ওঠেন তিনি।
চেলসি থেকে প্রায় ৩ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আল নাসরে যোগ দেন ফেলিক্স। দুই বছরের চুক্তিতে সৌদি প্রো লিগে এসেই নিজের প্রতিভার পূর্ণ ঝলক দেখিয়েছেন এই পর্তুগিজ তারকা।
শিরোপা জয়ের পর ফেলিক্স বলেন, তিনি নিজের স্বাভাবিক পজিশনে খেলতে পেরে আনন্দ পেয়েছেন এবং কোচের আত্মবিশ্বাস তাকে আরও ভালো খেলতে সাহায্য করেছে।
এদিকে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন হোর্হে জেসুস। তবে পুরস্কার জয়ের পরই তিনি জানিয়েছেন, এটাই ছিল আল নাসরের সঙ্গে তার শেষ মৌসুম।