ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তি পাচ্ছে মালিক। আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমার ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
পরিচালক সাইফ চন্দন নির্মিত অ্যাকশনধর্মী এ সিনেমায় দেখানো হয়েছে এক জেদি মানুষের গল্প, যে মায়ের সম্মান ও অধিকার রক্ষার লড়াই করতে গিয়ে ধীরে ধীরে অপরাধ জগতের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়। সেই ‘মালিক’ চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে।
২ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলারে অ্যাকশন, ক্ষমতার দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের ইঙ্গিত স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষ করে শুভর সংলাপ—“আই অ্যাম নট ব্যাড বয়, আই অ্যাম সাইকো”—দর্শকদের মধ্যে আলাদা আলোচনা তৈরি করেছে।
ট্রেলারের আরেকটি সংলাপ—“দেশি বিদেশি জাহাজ মাল ঘাটে ঢুকবে, সবকিছুর ওপর কন্ট্রোল থাকবে”—ইঙ্গিত দিচ্ছে, সিনেমার গল্প কোনো বন্দর বা ঘাটকেন্দ্রিক অন্ধকার জগতকে ঘিরে আবর্তিত হয়েছে।
অন্যদিকে বিদ্যা সিনহা মিম-কে দেখা যাবে একেবারেই নতুন অ্যাকশনধর্মী চরিত্রে। চরিত্রটির জন্য তিনি মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। পরিচালক জানিয়েছেন, সিনেমায় তাকে “লেডি সুপারস্টার” ধাঁচের শক্তিশালী ভূমিকায় দেখা যাবে।
পরিচালক সাইফ চন্দনের ভাষ্য, এটি শুধু অ্যাকশন সিনেমা নয়; এতে আবেগ, সম্পর্ক ও শক্তিশালী গল্পও রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ঈদে দর্শক উপভোগ করার মতো একটি বড় পরিসরের বিনোদনমূলক সিনেমা পেতে যাচ্ছেন।