রাজধানীর মিরপুর-এ শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় আজ আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, ঈদের ছুটির মধ্যেই বিশেষ আদালত বসিয়ে ৫ থেকে ৭ দিনের মধ্যে এই মামলার বিচার সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং সেই জবানবন্দিতে তার স্ত্রীর সম্পৃক্ততার কথাও উঠে এসেছে। পরে তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, পোস্টমর্টেম রিপোর্ট ইতোমধ্যে হাতে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ একত্র করে শনিবার রাতের মধ্যেই চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে। রোববার আদালতে তা জমা দেওয়া হবে।
এর আগে ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার বর্তমানে কারাগারে রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও অপসংস্কৃতির কারণেও ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। তবে গত তিন মাসে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
এসময় তিনি জানান, অনলাইন ও অফলাইন জুয়া নিয়ন্ত্রণে সরকার নতুন আইন প্রণয়নের কাজ করছে, যা শিগগিরই মন্ত্রিসভায় তোলা হবে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে বন্দি বিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় দেশে আনার বিষয়েও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।