শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরএর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার রাজধানীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ছিল মানুষের কল্যাণ, তাদের পাশে দাঁড়ানো এবং একটি শক্তিশালী দেশ গড়ে তোলা। তাঁর শাহাদাতবার্ষিকীতে এ আদর্শ ধারণ করাই সবার অঙ্গীকার হওয়া উচিত।
প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছরের মতো এবারও বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দিনটি স্মরণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও দলের নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে সেটিই হবে শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা।
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সরকার নয়, দেশের প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এর আগে সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।
পরে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।