জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়নি জার্মানি। নির্বাচনে পরাজয়ের পর দেশটির সরকার এই ফলাফলকে ‘লড়াকু পরাজয়’ হিসেবে আখ্যা দিয়েছে এবং এর পেছনে রাশিয়া-র প্রভাব থাকার অভিযোগ তুলেছে।
বুধবার অনুষ্ঠিত ভোটে নিরাপত্তা পরিষদের পাঁচটি অস্থায়ী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে জার্মানি। তবে শেষ পর্যন্ত পর্তুগাল ও অস্ট্রিয়া-র কাছে পরাজিত হয় তারা।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল মনে করেন, ইউক্রেন এবং ইসরায়েল-এর প্রতি বার্লিনের দৃঢ় সমর্থন অনেক দেশের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। তার দাবি, রাশিয়া জার্মানির প্রার্থিতার বিরুদ্ধে বিভিন্ন দেশের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরির চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে জার্মানি স্পষ্ট অবস্থান নেয়, কিন্তু সেই অবস্থানের সঙ্গে সব সদস্য রাষ্ট্র একমত নয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রশ্নে ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থন ভোট কমার একটি কারণ হয়ে থাকতে পারে।
তবে জার্মানির অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।
উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এর পাঁচ স্থায়ী সদস্য হলো রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এর বাইরে নির্দিষ্ট মেয়াদের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।