ফিটনেস নিয়ে সামান্য শঙ্কা থাকায় হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে মাঠে নামাননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। পুরো ম্যাচে বেঞ্চেই ছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।
তবে মেসিকে ছাড়াও দারুণ খেলেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির প্রথম ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথম গোলটি আসে লাওতারো মার্টিনেজের পা থেকে। তিনি পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে গিউলিয়ানো সিমিওনে আরেকটি গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।
মেসির অনুপস্থিতিতেও আক্রমণভাগে ছন্দ ধরে রাখতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা। কোচিং স্টাফ মূলত তার ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি বলেই তাকে বিশ্রামে রাখা হয়।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্ক্যালোনির দল। সেই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপ শুরুর আগে এই জয় আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ও আত্মবিশ্বাস বাড়াবে। বিশেষ করে মেসিকে ছাড়াও দল যে জয়ের ধারায় থাকতে পারে, সেটি এই ম্যাচে আবারও প্রমাণ করেছে আলবিসেলেস্তেরা।