পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম-এর একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া চিঠিতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-কে জাতীয় নির্বাচনে বিজয় ও সরকার গঠনের জন্য অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচির প্রশংসা করে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন।
জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে এটি কোনো রাজনৈতিক দলের প্যাডে নয়, বরং ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে লেখা হয়েছিল। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন মিরাজুল ইসলাম।
চিঠির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীন পিরোজপুর জেলায় চলমান কিছু ঠিকাদারি প্রকল্পের কাজ সম্পন্নের জন্য আরও এক বছর সময় বৃদ্ধির আবেদন জানানো। তবে আবেদনপত্রে রাজনৈতিক অভিনন্দন ও প্রশংসামূলক বক্তব্য থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা শুরু হয়েছে।
চিঠিতে তিনি উল্লেখ করেন, নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নেতৃত্বের প্রশংসা করেন।