রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স রক্ষায় কোটি কোটি টাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পেছনে ঘোরার অভিযোগকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১৫ জুন) বিকেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মন্ত্রীর পেছনে আমরা কেন টাকা নিয়ে ঘুরব? আমরা তার পেছনে টাকা নিয়ে ঘুরেছি—এ অভিযোগ যিনি করেছেন, তাকেই তা প্রমাণ করতে হবে।”
প্রসঙ্গত, গত শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছিলেন, আদ্-দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল ঠেকাতে তার কাছে প্রভাব খাটানোর চেষ্টা করেছে। তিনি বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। কিন্তু টাকার প্রতি কোনো লোভ হয়নি। প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন নিয়ে আমি হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছি।”
সংবাদ সম্মেলনে ডা. শেখ মহিউদ্দিন আরও জানান, হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের সঙ্গে আদ্-দ্বীন হাসপাতালের কোনো সম্পৃক্ততা নেই। একজন আইনজীবী নিজ উদ্যোগে রিট করেছেন বলে দাবি করেন তিনি।
নবজাতকদের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এছাড়া মৃত শিশুদের ময়নাতদন্তও করা হয়নি বলে জানান ডা. শেখ মহিউদ্দিন।
তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে যেসব ত্রুটি ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো দ্রুত সংশোধনের কাজ শুরু হয়েছে। হাসপাতালের জন্য নতুন অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনোক্সাইড পরিমাপক যন্ত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া সিলগালা করা শিশু ওয়ার্ড সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চাবি চাওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে এক সপ্তাহের মধ্যেই সব ধরনের সংস্কারকাজ সম্পন্ন করা সম্ভব হবে।
৬ নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যখাতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায় নির্ধারণে তদন্তের চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।